পর্যটকবাহী মাইক্রোবাস ধানখেতে পড়ে নিহত ১
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা পাগলিরবিল এলাকায় পর্যটকবাহী মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম জসিম বাবু (১৫)। সে টাঙ্গাইলের গোপালপুরের এমরান হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ মাঈনুদ্দিন জানান, মহাসড়কের ডুলাহাজারা পাগলিরবিল এলাকায় ঢাকামুুখী পর্যটকবাহী মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৯-১৫৭৭) ও কক্সবাজারমুখী ট্রাকের (চট্টমেট্রো-ট-১১-১৯৩২) সংঘর্ষ হয়।
এ সময় মাইক্রোবাসটি ছিটকে পাশের ধানখেতে পড়ে যায়। এতে মাইক্রোবাসটিতে থাকা যাত্রী জিম বাবু নিহত হন। পাশপাশি আহত হন শিপন, শরীফ, আমজাদ, রাশেদ, নাছির, আমজাদ ও রবি শীলসহ অপর ১০ যাত্রী। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত যাত্রীদের বরাত দিয়ে মাঈনুদ্দিন আরও জানান, মাইক্রোবাসে করে টাঙ্গাইলের এসব তরুণেরা গত কয়েকদিন আগে কক্সবাজার বেড়াতে এসেছিলেন। বুধবার তারা বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে ফাঁড়িতে নিয়ে যায়।
সায়ীদ আলমগীর/এএম/আরআইপি