ইরান যুদ্ধে ৩৬৫ মার্কিন সেনা আহত: পেন্টাগন
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রকাশিত তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ৩৬৫ জন মার্কিনি সেনা অভিযানে আহত হয়েছে। খবর বিবিসির।
তাদের মধ্যে সেনাবাহিনীর ২৪৭ জন, নৌবাহিনীর ৬৩ জন, মেরিন্সের ১৯ জন, বিমান বাহিনীর ৩৬ জন রয়েছেন। তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা ১৩ জনেই স্থির রয়েছে।
এদিকে ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ৪৮ ঘণ্টার বিরতি চেয়েছে বলে দাবি করেছে ইরানি গণমাধ্যম। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজের দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্র গত ২ এপ্রিল একটি তৃতীয় দেশের মাধ্যমে ইরানের কাছে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব দেয়।
সংস্থাটি এক সূত্রের বরাতে জানায়, ‘যুক্তরাষ্ট্র ২ এপ্রিল একটি বন্ধুত্বপূর্ণ দেশের মাধ্যমে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব দেয়।’ তাদের দাবি, অঞ্চলজুড়ে উত্তেজনা বৃদ্ধি এবং সেখানে অবস্থানরত মার্কিন বাহিনীর চাপে পড়ার কারণে এই প্রস্তাব দেওয়া হয়।
ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এ প্রস্তাবের কোনো লিখিত জবাব দেয়নি। বরং তারা ‘মাঠে’ জবাব দিয়েছে, অর্থাৎ পাল্টা হামলা অব্যাহত রেখেছে।
এছাড়া যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে কূটনৈতিক প্রচেষ্টা বাড়িয়েছে বলেও দাবি করা হয়। বিশেষ করে কুয়েতের বুবিয়ান দ্বীপে একটি মার্কিন সামরিক গুদামে হামলার খবর প্রকাশের পর এসব প্রচেষ্টা জোরদার হয়।
টিটিএন