ছিনতাইকারীর মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত


প্রকাশিত: ১০:৫৭ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৭

গাজীপুরের কালীগঞ্জে ছিনতাইকারীর মোটরসাইকেলের ধাক্কায় স্থানীয় ঊষা চন্দ্র দাস (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নিহত ব্যক্তি উপজেলার বেতুয়া গ্রামের সৌমিত্র চন্দ্র দাসের ছেলে। তিনি কালীগঞ্জ বাজারের মাছের ব্যবসা করতেন।

কালীগঞ্জ ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালের সিসি টিভি ফুটেজের বরাত দিয়ে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে বড়নগর রোডের হাসপাতালের ভেতরে আওলাদ (৩২) নামের এক রোগী মোটরসাইকেল রেখে ডাক্তার দেখাতে যান।

পরে তিন যুবক মিলে বিকল্পভাবে তালা খুলে মোটরসাইকেলটি ছিনতাই নিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় কালীগঞ্জ বাজারগামী একটি ইজিবাইককে আঘাত করেন।

এ সময় ইজিবাইটি সামনের দোকানের কাচ ভেঙে ভেতরে ঢুকে যায়। এতে ইজিবাইকের যাত্রী ঊষা চন্দ্র দাস গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেকে প্রেরণের নির্দেশ দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তার মৃত্যু হয়।

মোটরসাইকেল ছিনতাই ও নিহতের বিষয়টি জানতে চাইলে কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

আব্দুর রহমান আরমান/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।