বিকাশ এজেন্ট পয়েন্টেই মেটাল মোটরসের কৃষিযানের কিস্তি পরিশোধ সুবিধা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭:১৯ পিএম, ০৪ এপ্রিল ২০২৬
বিকাশ ও মেটাল মোটরস লিমিটেডের মধ্যে চুক্তি সই

মেটাল মোটরস থেকে কেনা মেকানাইজড কৃষি যানবাহনের কিস্তি এখন থেকে বাড়ির পাশের বিকাশ এজেন্ট পয়েন্টেই জমা দিতে পারছেন কৃষকরা। মাঠপর্যায়ে বিক্রয়পণ্যের কিস্তি সংগ্রহের প্রক্রিয়াকে আরও সহজ ও নিরাপদ করতে বিকাশের ‘এজেন্ট টু মার্চেন্ট’ (এটুএম) ক্যাশ কালেকশন সল্যুশন ব্যবহার করবে দেশের শীর্ষস্থানীয় এই কৃষি যন্ত্রপাতি পরিবেশক ও প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি।

এই লক্ষ্যে সম্প্রতি বিকাশ ও মেটাল মোটরস লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির আওতায় সারাদেশে ছড়িয়ে থাকা বিকাশের এজেন্ট পয়েন্ট থেকে মেকানাইজড কৃষি যানবাহন কেনার কিস্তি পরিশোধ করতে পারবেন কৃষকরা, যা সরাসরি মেটালের অ্যাকাউন্টে ইলেকট্রনিক মানি (ই-মানি) হিসেবে জমা হবে। এতে মাঠপর্যায়ে সংশ্লিষ্ট সবার অর্থ ব্যবস্থাপনার ঝুঁকি কমবে এবং লেনদেনের পুরো প্রক্রিয়াটি আরও সময় ও খরচ সাশ্রয়ী হবে।

সম্প্রতি, মেটালের প্রধান কার্যালয়ে চুক্তি সাক্ষর অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর সাদিদ জামিল, ডিরেক্টর সারাহ জামিল ও সাদ জামিল, সিইও মো. মিজানুর রহমান এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, হেড অব বিজনেস সেলস মাশরুর চৌধুরী, বিজনেস সেলস বিভাগের জেনারেল ম্যানেজার মো. সোমেল রেজা খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিকাশের ‘ক্যাশ কালেকশন সল্যুশন’ ব্যবহার করে টেলিকম, সিমেন্ট, বেভারেজ, লাইফস্টাইল, খাদ্য, ওষুধসহ বিভিন্ন খাতে দেশের শীর্ষ প্রতিষ্ঠানগুলো এরই মধ্যে তাদের মাঠপর্যায়ের আর্থিক ব্যবস্থাপনাকে আরও নিরবচ্ছিন্ন, স্বচ্ছ ও নিরাপদ করে তুলতে সক্ষম হয়েছে। পাশাপাশি, এই ধরনের সেবা দেশে সার্বিক ডিজিটাল লেনদেনের ইকোসিস্টেমকে শক্তিশালী করার মাধ্যমে অর্থনীতির গতিশীলতা ও সক্ষমতা বাড়াচ্ছে।

ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।