কুমিল্লায় ৬ জনের মনোনয়নপত্র দাখিল


প্রকাশিত: ০১:১০ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৭

কুমিল্লা আদর্শ সদর, চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা এসব মনোনয়নপত্র দাখিল করেন।   

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, আদর্শ সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাড. আমিনুল ইসলাম টুটুল, বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল কাইয়ুম, জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী ওবায়দুল কবীর মোহন ও স্বতন্ত্র প্রার্থী জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এ কে এম এমদাদুল হক মামুন।

অপরদিকে, চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে রেলমন্ত্রী মুজিবুল হকের ভাতিজা ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবিএম এ বাহার এবং সদর দক্ষিণে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদা আক্তার মনোনয়নপত্র দাখিল করেছেন।

আগামী ৬ মার্চ ৩টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণে ভাইস চেয়ারম্যান পদে একজন করে প্রার্থী থাকায় তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হলে এ দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে না বলে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।  

মো. কামাল উদ্দিন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।