মুক্তিযুদ্ধে ব্যবহৃত বস্তাভর্তি গুলি ও রাইফেল উদ্ধার


প্রকাশিত: ০২:২৭ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাটি খুঁড়ে ৭টি থ্রি নট থ্রি রাইফেল ও বস্তাভর্তি এক হাজার রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত অস্ত্র ও গুলিগুলো মুক্তিযুদ্ধ চলাকালে ব্যবহৃত হয়েছিল বলে ধারণা করছে পুলিশ। তবে উদ্ধারকৃত অস্ত্রগুলো ব্যবহারের অযোগ্য।    

বৃহস্পতিবার সন্ধ্যায় ফতুল্লার ভূইগড় কড়ইতলা এলাকার নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলামের বোন তাহেরুনেচ্ছা রুনুর বাড়ির পুকুর থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।  

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ভূইগড় কড়ইতলা এলাকার একটি পুকুরে মাটি কাটার কাজ করছিল শ্রমিকরা। এসময় মাটির নিচে একজন বস্তায় একটি অস্ত্র দেখতে পায়। পরে বিষয়টি নিয়ে এলাকাবাসীর মাঝে প্রথমে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় তারা কয়েকটি অস্ত্র দেখতে পায়।

Narayanganj
খবর পেয়ে পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় পুকুরের মাটি খুঁড়ে পর্যায়ক্রমে বেশ কয়েকটি রাইফেল ও প্রচুর গুলি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় এই পুকুরে অস্ত্রগুলো রাখা হয়েছিল।    

ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দিন জানান, ফতুল্লার ভূইগড় কড়ইতলা এলাকায় প্রয়াত সংসদ সদস্য সিরাজুল ইসলামের বোন তাহেরুনেচ্ছা রুনুর বাড়ির একটি পুকুর থেকে মাটি উত্তোলন করে ভরাট ও খননের কাজ চলছিল। এসময় শ্রমিকেরা বস্তার ভেতরে গুলি ও রাইফেল দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি বস্তাবন্দী অবস্থায় গুলি ও ৭টি রাইফেল উদ্ধার করে। এসব রাইফেল এখন ব্যবহার অযোগ্য।

ওসি আরও জানান, আমাদের ধারণা এগুলো মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল। এগুলো এখন ব্যবহার করা যাবে না। শুক্রবার ঘটনাস্থলে আরও তল্লাশি চালাবে।

শাহাদাত হোসেন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।