সিইসি নিয়ে বিএনপির অভিযোগ অবান্তর
নেতাকর্মীদের মধ্যে ঐক্য থাকলে পৃথিবীর কোনো শক্তি আওয়ামী লীগকে দমাতে পারবে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণের ভালোবাসায় আজ শেখ হাসিনা বিশ্ব নেত্রী হয়েছেন।
তিনি বলেন, দাপট দিয়ে নয়, মানুষের মনের ভাষা বোঝেন বলেই মানুষের মনের নেত্রীর হতে পেরেছেন তিনি। এ কারণে সামনের নির্বাচনের জনগণের সমর্থন শেখ হাসিনা বা তার দলের প্রতি আসবে এটি বুঝতে পেরেই নবগঠিত সিইসি নিয়ে অবান্তর অভিযোগ করছে বিএনপি। আমরা দাপট দেখিয়ে নয়, উন্নয়ন-অগ্রযাত্রায় তৃণমূলে আওয়ামী লীগের জয় জয়কার করতে চাই।
কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে শনিবার জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
মন্ত্রী আরও বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় দল আওয়ামী লীগ। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দল ও সরকারের সমন্বয় রেখে দেশের এ উন্নয়নধারা অব্যাহত রাখতে হবে। এভাবে চললে আওয়ামী লীগকে কেউ দমাতে পারবে না। শেখ হাসিনা দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বে জনপ্রিয়তা অর্জন করেছেন। তার দক্ষ নেতৃত্ব বলেই এটি সম্ভব হয়েছে।
কানাডার আদালতের রায় প্রমাণ করে পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগ ষড়যন্ত্রমূলক ছিল উল্লেখ করে তিনি বলেন, সবাই মিলে একসঙ্গে কাজ করুন। আগামীতে জয় নিশ্চিত করতে হলে দ্বন্দ্ব পরিহার করে দলের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।
কক্সবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. সিরাজুল মোস্তফার সভাপতিত্বে এবং উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এ মনজুরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, চক্রান্ত করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল পাকিস্তানি দোসররা। বিএনপি-জামায়াতের এ চক্রটি এখনো তৎপর। তারা বহির্বিশ্বে বাংলাদেশ ও এই দেশের জনগণ নিয়ে চক্রান্ত করে যাচ্ছে। পদ্মা সেতুর ষড়যন্ত্রও তারই অংশ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সদর আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, টেকনাফ-উখিয়া আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদি প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, টেকনাফ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুহাম্মদ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন সিআইপি, পৌর মেয়র মাহবুবুর রহমান, যুগ্ম-সম্পাদক মাহবুবুল আলম মুকুল, জেলা আওয়ামী লীগ সদস্য রাশেদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক অ্যাড. তাপস রক্ষিত, যুব ও ক্রীড়া সম্পাদক কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, ছাত্রলীগ সভাপতি ইশতিয়াক আহমদ জয়সহ জেলা ও উপজেলা পর্যায়ের অনেক নেতা।
সায়ীদ আলমগীর/এআরএ/আরআইপি