কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ছাত্রলীগ নেতার মৃত্যু
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে রবিউল হোসেন (২৪) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৮টায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের লাকসামের গন্ডামারায় রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছাত্রলীগ নেতা জেলার লাকসাম পৌরসভার ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি স্থানীয় গন্ডামার এলাকার আবুল কাশেমের ছেলে।
লাকসাম রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) সাজিদ হোসেন জাগো নিউজকে জানান, ঘটনার সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন গন্ডামারা রেলক্রসিং অতিক্রম করছিল। এসময় মোটরসাইকেল নিয়ে রেল লাইন অতিক্রমের সময় ওই ছাত্রলীগ নেতা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
লাকসাম উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব খান জানান, ওই রেলক্রসিংটি অরক্ষিত ছিল। নিহত ওই ছাত্রলীগ নেতা লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের ডিগ্রি পাস কোর্সের ছাত্র ছিলেন।
মো. কামাল উদ্দিন/এফএ/এমএস