শার্শায় হাতবোমাসহ বিএনপির ৫ কর্মী আটক


প্রকাশিত: ০৯:০৩ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

যশোরের শার্শা উপজেলা থেকে ৮টি হাতবোমাসহ বিএনপির ৫ কর্মীকে নাশকতার অভিযোগে আটক করেছে পুলিশ।

সোমবার গভীর রাতে তাদের আটক করা হয়। এসময় তারা শার্শা উপজেলার পণ্ডিতপুর গ্রামে নূর হোসেনের বাড়িতে বসে নাশকতার পরিকল্পনা করছিলেন বলে পুলিশ জানিয়েছে।

আটকরা হলেন, শার্শা উপজেলার রঘুনাথপুর গ্রামের নুরুল ইসলাম (৪৫), গোকর্ন গ্রামের ওলিয়ার রহমান সরদার (৫০), পণ্ডিতপুর গ্রামের ইসমাইল সরদার (৫৫), আব্দুল মাবুদ (৩৮) ও গিয়াস উদ্দিন (৫৫)।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, কয়েকজন ব্যক্তি নাশকতার উদ্দেশ্যে পরিকল্পনা করছেন এমন গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক নূর হোসেন কৌশলে পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে ৮টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে শার্শা থানায় মামলা হয়েছে বলেও ওসি জানান।

জামাল হোসেন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।