ধূমপায়ীকে জরিমানা, প্রতিবাদে বাজারে ধর্মঘট


প্রকাশিত: ০২:৪৯ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

যশোরের বাঘারপাড়ায় চায়ের দোকানে ধূমপায়ীকে জরিমানা ও বিড়ি সিগারেট পুড়িয়ে ফেলার প্রতিবাদে ধর্মঘট করেছেন ব্যবসায়ীরা।

মঙ্গলবার দুপুরে যশোরের বাঘারপাড়া উপজেলা বাজারের ব্যবসায়ীরা এ ধর্মঘট পালন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চায়ের দোকানে অভিযান চালিয়ে ওই দণ্ডাদেশ দেন।

বাঘারপাড়া উপজেলা গেটের সামনের চায়ের দোকানি ওবাইদুর রহমান জানান, সকাল ১১টার দিকে তার দোকানে বসে এক প্রবীণ ব্যক্তি ধূমপান করছিলেন। ওই সময় ইউএনও এসে তাকে ধূমপান করার জন্যে তিরস্কার করেন। বয়স্ক ব্যক্তি তখন ক্ষমা চান। কিন্তু তারপরও তাকে ২০০ টাকা জরিমানা করা হয়।

জরিমানার টাকা কাছে না থাকায় ওবাইদুর তা পরিশোধ করেন। এরপর ইউএনও তার দোকানে থাকা সব বিড়ি-সিগারেট নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়ার নির্দেশ দেন।

এ বিষয়টি বাজারের অন্য ব্যবসায়ীরা জানতে পেরে ১২টার দিকে দলবদ্ধ হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। একই সঙ্গে তারা ঘটনার সুষ্ঠু সমাধান চান।

বাঘারপাড়া বাজার কমিটির সভাপতি জয়নাল আবেদীন জানান, দুপুর ২টার দিকে ইউএনও সাহেব আমাদের সঙ্গে বসে সম্মানজনক সমাধান করেছেন।

বাঘারপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, তিনি ব্যবসায়ীদের শান্ত রাখেন। দুপুরে ইউএনওর সঙ্গে বসে একটা শান্তিপূর্ণ সমাধান হয়েছে।

বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ বেগম সাংবাদিকদের জানান, আমি আইন প্রয়োগ করেছি। সবাইকে আগামীতে আইন মানার জন্য বলেছি। বিষয়টি ব্যবসায়ীরা বুঝেছেন।
 
মিলন রহমান/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।