বেনাপোলে এক কোটি ৩০ লাখ টাকার ভারতীয় ওষুধ আটক
যশোরের বেনাপোল পোর্ট থানার শিকড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রোববার রাতে আটক করা হলেও মঙ্গলবার বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের জানানো হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার রাত সাড়ে ১১টার দিকে তার নেতৃত্বে বিজিবি সদস্যরা বেনাপোল পোর্ট থানার শিকড়ি বটতলা নামক স্থানে একটি আম বাগানের মধ্যে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ সামগ্রী আটক করতে সক্ষম হয়।
আটককৃত ওষুধ সামগ্রীর বাজার মূল্য আনুমানিক এক কোটি ৩০ লাখ টাকা। এসব ওষুধ সামগ্রী যশোর শুল্ক গুদামে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
মো. জামাল হোসেন/বিএ