বঙ্গোপসাগরে নৌকা ডুবে জেলের মৃত্যু
টেকনাফ বঙ্গোপসাগরে পর্যটকবাহী জাহাজের ঢেউয়ের তোড়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পানিতে পড়ে যাওয়া ২৪ জেলে উদ্ধার হলেও হাসপাতালে আনার পথে মারা গেছেন প্রতিবন্ধী এক জেলে। বুধবার সন্ধ্যায় এ মৃত্যুর ঘটনা ঘটে।
নিহতের নাম আব্দু শুক্কুর (৫০)। তিনি টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকার মৃত জাকু মিয়ার ছেলে।
উদ্ধার নৌকার মাঝি শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার মকতুল হোসনের ছেলে সৈয়দ আলম জানান, বুধবার সকালে একটি নৌকায় ২৪ জন মাঝি-মাল্লা সেন্টমার্টিন বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব এলাকায় বিহিঙ্গী জালের ফাঁড়ে কাজ করতে যায়।
সেখানে কাজ শেষ করে বিকেল সাড়ে ৩টার দিকে নৌকা নিয়ে চলে আসার পথে সেন্টমার্টিন থেকে আসা পর্যটকবাহী জাহাজের ঢেউয়ের আঘাতে জেলেবাহী নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।
এসময় ডুবে যাওয়ার ঘটনা দেখে পাশের একই এলাকার মকবুল আহাম্মদের ছেলে মো. আলম নৌকা নিয়ে এগিয়ে এসে মাঝি সৈয়দ আলমসহ ২৪ জনকে উদ্ধার করে টেকনাফের উদ্দেশে আসা কেয়ারি সিনবাদ জাহাজে উঠিয়ে দেয়। এতে মুমূর্ষু অবস্থায় প্রতিবন্ধী আব্দু শুক্কুরও ছিলেন।
সন্ধ্যার দিকে জাহাজ পৌঁছার সঙ্গে সঙ্গে মুমূর্ষু আব্দু শুক্কুরকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তবে ডুবে যাওয়া ট্রলারটি নিখোঁজ রয়েছে।
এদিকে নৌকাডুবির খবর পেয়ে শাহপরীর দ্বীপ কোস্টর্গাড এর একটি টিম সাগরে ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।
নৌকাডুবির ঘটনার খবরে শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার জেলে সম্প্রদায়ের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। বাকি জেলেরা নিরাপদে কিনা তা জানতে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ নিচ্ছেন।
সায়ীদ আলমগীর/এফএ/আরআইপি