গাজীপুরে জাল স্ট্যাম্পসহ গ্রেফতার ২


প্রকাশিত: ০২:৩৩ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

গাজীপুরে বিপুল পরিমাণ জাল রাজস্ব স্ট্যাম্প ও জাল কোর্ট ফি স্ট্যাম্পসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১ এর সদস্যরা।

শনিবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের মিম সোয়েটার রোডের মোগড়খাল এলাকার গিয়াস উদ্দিনের বাড়ি থেকে এগুলো উদ্ধার ও তাদের গ্রেফতার করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে কুড়িগ্রাম জেলার রৌমারী থানার লালকুড়া গ্রামের আ. মান্নানের ছেলে মো. গিয়াস উদ্দিন ও গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার আগলারচর গ্রামের আ. আউয়ালের ছেলে মো. আইয়ুব আলীকে হাতে নাতে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জানতে পারে, ওই এলাকায় গিয়াস উদ্দিনের বাড়িতে বসতঘরে জাল স্ট্যাম্প ও জাল কোট ফি বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করে রাখা হয়েছে।

এ সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে অভিযান চালিয়ে দুইজনকে অবৈধ স্ট্যাম্প ও কোট ফি ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ সময় গ্রেফতারদের বসতঘর তল্লাশি করে ১ লাখ ৪৮ হাজার টাকার  জাল রাজস্ব স্ট্যাম্প যা ১০ টাকা মূল্যমানের ও ১ লাখ ৫৩ হাজার ৮০০ টাকার জাল কোর্ট ফি স্ট্যাম্প যা ৫, ১০ ও ২০ টাকা মূল্যমানে মোট ৩ লাখ ১ হাজার ৮০০ টাকার জাল রাজস্ব স্ট্যাম্প ও জাল কোর্ট ফি স্ট্যাম্প উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় জাল রাজস্ব স্ট্যাম্প ও জাল কোর্ট ফি স্ট্যাম্প মজুদ এবং বিক্রি করে আসছিল।

মো. আমিনুল ইসলাম/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।