কুমিল্লা থেকে খন্দকার মোস্তাকের বাড়ি অপসারণের দাবি


প্রকাশিত: ০৯:৩২ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার অন্যতম পরিকল্পনাকারী খন্দকার মোস্তাকের কুমিল্লার দাউদকান্দি উপজেলার দশপাড়া গ্রামের বাড়িটি অপসারণের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে প্রতিবাদী জনতা।

রোববার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
 
জানা যায়, বিক্ষোভ মিছিল নিয়ে দলীয় নেতৃবৃন্দ দশপাড়ায় যাওয়ার চেষ্টা করলে পুলিশ রাস্তায় ব্যারিকেড দিলে প্রতিবাদী লোকজন শহীদনগর উত্তর বাজারে অবস্থান নেয়। এসময় বিক্ষোভ ও সমাবেশ করে বক্তারা অবিলম্বে খন্দকার মোস্তাকের বাড়ি ওই এলাকা থেকে অপসারণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এসময় বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব লিল মিয়া, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সালাম, মেঘনা উপজেলা চেয়ারমান আবদুস সালাম, দাউদকান্দি পৌর মেয়র আবু নাঈম সেইন, দাউদকান্দি ও তিতাস উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনাকারী খন্দকার মোস্তাকের বাড়ি কুমিল্লায় হওয়ায় প্রস্তাবিত বিভাগের নাম ‘কুমিল্লা’ বাদ দিয়ে ‘ময়নামতি’ করার প্রক্রিয়া চলছে। তাই অভিশপ্ত খন্দকার মোস্তাকের বাড়িটি অপসারণের মাধ্যমে কুমিল্লাকে কলঙ্কমুক্ত করে ‘কুমিল্লা’ নামেই বিভাগ ঘোষণার দাবি জানান বক্তারা।

দাউদকান্দি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, খন্দকার মোশতাকের বাড়ি অপসারণের জন্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ মিছিল নিয়ে দশপাড়ায় যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বার্থে তাদের শহীদনগর এলাকায় আটকে দেয়ায় তারা সেখানে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে।

মো. কামাল উদ্দিন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।