ছাত্রলীগ নেতার বিরুদ্ধে স্ত্রীকে হত্যার হুমকির অভিযোগ


প্রকাশিত: ১২:৫২ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় গোপন বিয়ের তথ্য ফাঁস করায় নজরুল ইসলাম নয়ন নামে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে স্ত্রী মাহফুজা আক্তার হ্যাপিকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।

অভিযুক্ত নয়ন ময়মনসিংহের নান্দাইল উপজেলা ছাত্রলীগের সভাপতি। তিনি হ্যাপিকে গোপনে বিয়ে করে স্ত্রীর অধিকার না দিয়ে উল্টো হত্যার হুমকি দিয়েছেন।

সোমবার দুপুরে হ্যাপি জীবনের নিরাপত্তা চেয়ে ফতুল্লা মডেল থানায় নয়নের বিরুদ্ধে  সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। হ্যাপি ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া গ্রামের মাইনুদ্দিন মিয়াজীর মেয়ে।
 
সূত্রে জানা যায়, মাহফুজা আক্তার হ্যাপি স্ত্রীর অধিকার পেতে পারিবারিকভাবে ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম নয়নকে চাপ দিলে তিনি এক লাখ টাকা যৌতুক দাবি করেন। সম্প্রতি এ অভিযোগে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ‘খ’ অঞ্চল আদালতে একটি যৌতুকের মামলা দায়ের করেন হ্যাপি। আদালত এ মামলায় নজরুল ইসলাম নয়নকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। আদালতের এ নির্দেশ জানতে পেরে হ্যাপিকে হত্যার হুমকি দেন নয়ন।   

মাহফুজা আক্তার হ্যাপি জানান, গত বিএনপি সরকারের আমলে মামলায় জড়িয়ে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা থেকে পালিয়ে এসে ফতুল্লায়  আত্মগোপন করেন নজরুল ইসলাম নয়ন। ওই সময় নয়ন তাদের পাশের বাড়িতে বসবাস করায় তাদের মধ্যে পরিচয়ের একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তাদের বিয়ে হয়। বিয়ের পর নয়ন বলেছে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বাড়িতে নিয়ে স্ত্রীর অধিকার দেবে। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে প্রায় ৯ বছর হয়। এরমধ্যে তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়েছে। যার নাম রাখা হয়েছে নাবিলা আক্তার। তার বয়স এখন চার বছর।

হ্যাপি বলেন, নয়নকে স্ত্রীর অধিকারের জন্য তাগিদ দিলে সে বলে সামনে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবে। নির্বাচনে জয়ী হয়ে তাকে ও  শিশু কন্যাকে নিজ বাড়িতে নিয়ে যাবে। আর নির্বাচন করতে অনেক টাকা লাগবে। এজন্য এক লাখ টাকা যৌতুক দাবি করে নয়ন। তার যৌতুক দাবির বিষয়ে আদালতে মামলা করায় আমাকে হত্যার হুমকি দিয়েছে।

ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাফিউল আলম এ ঘটনায় থানায় জিডির বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শাহাদাত হোসেন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।