ফতুল্লায় প্রভাব বিস্তার নিয়ে বাড়িতে অগ্নিসংযোগ


প্রকাশিত: ১০:৩২ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৭
ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের সন্ত্রাসীরা আলী হোসেনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাটসহ অগ্নিসংযোগ করেছে। এ সময় সন্ত্রাসীদের হামলায় আলী হোসেন বাহিনীর নারাীসহ ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের আকবরনগর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে সালাম, জয়নাল, খালেক, শাকিলকে গুরুতর আহত অবস্থায় মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, বক্তাবলীর আকবরনগর এলাকার সন্ত্রাসীর গডফাদার সামেদ আলী হাজী বাহিনীর তাণ্ডবের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে ফতুল্লা মডেল থানা ও সিরাজদীখান থানার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রভাব বিস্তার নিয়ে সামেদ আলী হাজীর মধ্যে আলী হোসেন গ্রুপের মধ্যে দীঘদিন বিরোধ চলছিল।

মঙ্গলবার দুপুরে সেই বিরোধের জেরে সামেদ আলীর লোকজন আলী হোসেনের বাড়িতে তাণ্ডব চালায়। এ সময় তারা কয়েকটি ঘর ভাঙচুরসহ বাড়িতে অগ্নিসংযোগ করে। পরে সিরাজদী খানের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সেই সঙ্গে ফতুল্লা ও সিরাজদী খান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

শাহাদাত হোসেন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।