ক্যালসিয়ামের প্যাকেটে পার্সেল করে ইয়াবা পাচার


প্রকাশিত: ০৯:৪৬ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৭

কক্সবাজারে ক্যালসিয়ামের প্যাকেটে বিশেষ কৌশলে পার্সেল করে পাচার করতে আসা ইয়াবাসহ এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৬০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

বুধবার গ্রেফতার তরুণীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কক্সবাজার শহরের হলিডে মোড় এলাকার এসএ পরিবহন কাউন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ফাতেমা বেগম (২২) নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের পূর্বপাড়া এলাকার মৃত আব্দুল জব্বারের মেয়ে। তিনি শহরের টেকপাড়া এলাকায় চাচা আব্দুল মালেকের বাসায় থাকতেন।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, পার্সেলের আড়ালে ইয়াবা পাচারে গোপন খবর পেয়ে শহরের এসএ পরিবহনের কাউন্টার যায় উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল কালামসহ পুলিশ দল।

সেখান থেকে ওই তরুণীকে গ্রেফতার করা হয়। পার্সেলের জন্য নেয়া একটি ক্যালসিয়ামের প্যাকেট জব্দ করা হয়। তা খুলে এতে বিশেষভাবে মোড়ানো অবস্থায় ১৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, প্রাথমিক স্বীকারোক্তিতে ইয়াবাগুলো তার চাচা আব্দুল মালেকের বলে স্বীকার করেছে তরুণী। তাই চাচা-ভাতিজির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তরুণীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সায়ীদ আলমগীর/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।