রাজশাহীতে ভাইয়ের হাতে ভাই-বোন খুন


প্রকাশিত: ০৩:০২ এএম, ০৬ এপ্রিল ২০১৫

জমি নিয়ে বিরোধের জের ধরে রাজশাহীতে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই-বোন খুন হয়েছেন। নিহতরা হলেন, সাদিকুল ইসলাম (৪৫) ও আক্তার জাহান কল্পনা (৩০)। এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের চারজন সদস্য।

সোমবার ভোর সাড়ে ৪টার দিকে নগরীর কাদিরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। ঘাতক তরিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ভোরে পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। এসময় তরিকুল তার ভাই সাদিকুলকে ঘরের দরজা খুলতে বলেন। সাদেকুল দরজা খুললে তাকে শাবল দিয়ে মাথায় আঘাত করেন তরিকুল এবং ছুরিকাঘাত করেন। একইভাবে খুন করেন বোন কল্পনাকেও। এরপর পরিবারের অন্য সদস্যরা বিষয়টি বুঝতে পারলে তরিকুলকে আটকানোর চেষ্টা করেন।

এসময় তরিকুলের ছুরিকাঘাতে আহত হন-নেয়ামত (২৫), জাহানারা বেগম (৪৫), মনিরুল ইসলাম (৩০), উম্মে কুলসুম (২০)। পরিবারের সদস্যরা এসময় তরিকুলকেও আঘাত করেন। তরিকুলসহ আহত অন্যদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা সংকটাপন্ন বলে ওসি জানান।

এসএইচএ/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।