না.গঞ্জে ডিবির সঙ্গে বন্ধুকযুদ্ধে নিহত ২
নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিবির সঙ্গে গোলাগুলিতে দুর্ধর্ষ সন্ত্রাসী মোক্তার হোসেন ওরফে কিলার মোক্তার (৪২) ও তার সহযোগী মানিক ওরফে কিলার মানিক (৪০) নিহত হয়েছেন। কিলার মোক্তারের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অস্ত্র, মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি।
কিলার মোক্তারের সঙ্গে গোলাগুলির ঘটনায় ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল আজিজ গুলিবিদ্ধ হয়েছে। তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সন্ধ্যা ৭টায় ফতুল্লার পাগলা শাহীবাজার আমতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি রিভলবার, ৭ রাউন্ড গুলি ও একটি চাপাতি উদ্ধার করা হয়।
জেলা পুলিশ সুপার (এসপি) মঈনুল হক ডিবি পুলিশের সাথে গোলাগুলির ঘটনায় কিলার মোক্তার ও তার সহযোগী মানিক নিহতের সত্যতা নিশ্চিত করেছে।
ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, জেলা গোয়েন্দা পুলিশ ডিবির টিম পাগলা শাহীবাজার আমতলা এলাকাতে গেলে তাদের ওপর চড়াও দুর্ধর্ষ সন্ত্রাসী কিলার মোক্তারসহ তার সহযোগীরা।
এ সময় সন্ত্রাসীরা ডিবি পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে উঠলে দুই পক্ষের গুলি বিনিময়ে ডিবির এএস আই আব্দুল আজিজ গুলিবিদ্ধ হয়।
ডিবি পাল্টা গুলি ছুড়লে দুর্ধর্ষ সন্ত্রাসী কিলার মোক্তার ও তার সহযোগী মানিক ঘটনাস্থলে মারা যায়। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
শাহাদাত হোসেন/এএম/জেআইএম