নারায়ণগঞ্জে আগুনে ৬টি দোকানের মালামাল ভস্মিভূত
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ছয়টি দোকান ঘর আগুনে পুড়ে গেছে। রোববার সকাল সাড়ে ৮টার দিকে শহরের চাষাঢ়া রেললাইন এলাকাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মণ্ডলপাড়া স্টেশনের ফায়ারম্যান সাইনুর রহমান জানান, চাষাঢ়া রেললাইন সংলগ্ন একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন পাশের দোকানেও ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর অল্প সময়ে পুড়ে যায় ছয়টি দোকান। এসব দোকানে বিভিন্ন ধরনের পুরাতন জিনিসপত্র বিক্রি হতো।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ছয়টি দোকানে থাকা বেশিরভাগ মালামাল ভস্মিভূত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানাতে পারেনি এ ফায়ার সার্ভিস কর্মকর্তা।
শাহাদাত হোসেন/আরএআর/এমএস