ভ্যান্স-আরাগচির সামনে আসিম মুনিরের ভিন্ন পোশাক কী বার্তা দেয়?
যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের স্বাগত জানানোর সময় পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের পোশাকের ভিন্নতা নিয়ে কূটনৈতিক মহলে বেশ আলোচনা তৈরি হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) রাতে ইরানি প্রতিনিধি দলকে তিনি স্বাগত জানান সামরিক পোশাকে, কিন্তু শনিবার সকালে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে অভ্যর্থনা জানানোর সময় তার পরনে ছিল সাধারণ স্যুট।
এই পোশাক পরিবর্তন বিশেষ কোনো বার্তা দেয় কি না—তা নিয়ে প্রশ্ন উঠেছে।
পাকিস্তানের সাবেক জেনারেলদের মতে, বিদেশি প্রতিনিধিদের স্বাগত জানানোর সময় সেনাপ্রধানের পোশাক কী হবে, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট বা স্থায়ী নির্দেশিকা নেই।
আরও পড়ুন>>
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় কার শর্ত কী, কীসে রাজি?
পাকিস্তানের জন্য শান্তি আলোচনা আয়োজনের গুরুত্ব কতটা?
ট্রাম্পের ‘বলির পাঁঠা’ হচ্ছেন জেডি ভ্যান্স?
পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফের অধীনে কাজ করা এক জেনারেল আল-জাজিরাকে বলেন, অনেক সময় সেনাপ্রধানের নিজস্ব কর্মীদল তাকে পোশাকের পরামর্শ দেন, আবার অনেক সময় সেনাপ্রধান নিজেও ঠিক করেন তিনি কোন পোশাকে নিজেকে উপস্থাপন করতে চান।
সাধারণত কোনো দেশের প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানানোর সময় সেনাপ্রধান সরাসরি স্বাগত দলের অংশ হন না। কিন্তু বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং এই শান্তি আলোচনার গুরুত্ব বিবেচনা করে পাকিস্তানি সেনাপ্রধান নিজে উপস্থিত থেকেছেন। দেশটির একজন অবসরপ্রাপ্ত জেনারেলের মতে, ‘আমরা এক অসাধারণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, তাই প্রচলিত প্রোটোকলগুলো এখানে খুব একটা গুরুত্ব পাচ্ছে না।’
কী বার্তা দেয়?
বিশ্লেষকদের মতে, এটি কোনো আইনি প্রোটোকল নয়, বরং পরিস্থিতি অনুযায়ী সেনাপ্রধানের নিজের পছন্দ বা বিশেষ কোনো কূটনৈতিক বার্তা দেওয়ার একটি কৌশল হতে পারে। যেহেতু পাকিস্তান এই যুদ্ধের বিরতি এবং আলোচনায় মধ্যস্থতা করছে, তাই তাদের প্রতিটি পদক্ষেপ এখন বিশ্বের নজরদারিতে রয়েছে।
তাদের মতে, এই পোশাক পরিবর্তন পাকিস্তানি সেনাপ্রধানের ‘ব্যক্তিত্ব ও প্রভাব’ প্রদর্শনের একটি অংশ হতে পারে। ইরানি প্রতিনিধি দলের সামনে সামরিক পোশাকে থাকা হয়তো একটি কঠোর অবস্থান বা সামরিক সংহতির বার্তা দেয়, অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্টের সামনে স্যুটে থাকাটা কূটনৈতিক এবং পেশাদার সম্পর্কের প্রতিফলন হতে পারে।
কেএএ/