শৈলকুপায় রান্নাঘরের আগুনে পুড়লো সবকিছু


প্রকাশিত: ১১:০৭ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়দাহ গ্রামে অগ্নিকাণ্ডে ৪টি ঘর পুড়ে গেছে। এসময় ১টি গরু, ২টি ছাগল, আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, বড়দাহ গ্রামের আমজাদের রান্না ঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় আবু তালেব ও ফারুকের ২টি বসত ঘর এবং আমজাদ ও অনিচের ২টি গোয়ালঘরসহ মোট ৪টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে ১টি গরু ও ২টি ছাগল অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। এছাড়াও ঘরে থাকা আসবাবসত্র ও নগদ টাকা পুড়ে গেছে। এতে কমপক্ষে ২ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।

শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনী পৌঁছে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবরে বড়দাহ গ্রামে পুলিশ পাঠানো হয়েছিল।

আহমেদ নাসিম আনসারী/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।