না.গঞ্জে ভুয়া কর্নেল আটক
নারায়ণগঞ্জ শহরের জামতলায় প্রতারণার অভিযোগে সেনাবাহিনীর ভুয়া কর্নেল পরিচয় দেয়া একেএম মঈন আজিজ ওরফে সুজনকে (৪৯) আটক করেছে পুলিশ। এসময় তার বাড়িতে তল্লাশি করে ৩০টি মুঠোফোন, তিনটি ল্যাপটপসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
মঙ্গলবার বিকেলে জামতলা ধোপাপট্টি এলাকা হতে তাকে আটক করা হয়। আটক মঈন আজিজ জামতলা ধোপাপট্টির মৃত আব্দুল আজিজের ছেলে।
মঈন আজিজের প্রতারণার শিকার ঢাকার কামাল হোসেনের অভিযোগের ভিত্তিতে ফতুল্লা মডেল থানা পুলিশ তাকে আটক করে।
ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দিন জানান, মঈন আজিজ নিজেকে কখনো সেনাবাহিনীর কর্নেল কখনও পুলিশের এসপি পরিচয়ে বিভিন্ন লোকদের সঙ্গে প্রতারণা করে আসছিল। কামাল হোসেন নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তার জামতলার বাড়িতে অভিযান চালিয়ে ভুয়া কর্নেল মঈন আজিজ সুজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, মঈন আজিজ সুজন জামতলার চারতলা বিল্ডিংয়ের মালিক হলেও তিনি মূলত বেকার। কোনো কাজ কর্ম না করে নিজেকে কর্নেল পরিচয়ে মানুষের সঙ্গে প্রতারণা করাটাই তার কাজ। তার বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শাহাদাত হোসেন/এআরএ/জেআইএম