কক্সবাজারে কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা লঙ্ঘন করায় কক্সবাজার সদর উপজেলার মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের (কক্সবাজার-২) কেন্দ্রসচিব খুরশিদুল জন্নাতকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তিনি ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
বুধবার কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত স্মারকে এ তথ্য জানানো হয়। তার স্থলে কেন্দ্র সচিবের দায়িত্ব দেয়া হয়েছে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সেলিম উদ্দিনকে।
কক্সবাজারের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জেলা শিক্ষা অফিসার ও চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড’র পরীক্ষা নিয়ন্ত্রককের কাছে পত্রের অনুলিপি পাঠানো হয়েছে।
সূত্র মতে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা ২০১৭ এর ২ নম্বরের গ-এর ৩ নম্বর বিধিতে উল্লেখ রয়েছে, কেন্দ্র সচিবের ছেলে-মেয়ে পরীক্ষার্থী থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি কোনো কেন্দ্রে সচিবের দায়িত্ব পালন করতে পারবেন না।
ঈদগাহ আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুল জন্নাতে এক সন্তান চলতি মাধ্যমিক পরীক্ষায় কক্সবাজার বালক উচ্চবিদ্যালয় থেকে অংশগ্রহণ করছে। এ তথ্য গোপন করে খুরশিদুল জন্নাত কেন্দ্র সচিবের দায়িত্ব নেন।
দায়িত্ব পাওয়ার পর থেকে তার বিরুদ্ধে প্রভাব বিস্তারসহ নানা অভিযোগ তুলে তথ্য গোপনের কথাটিসহ উল্লেখ করে শিক্ষা বোর্ডে লিখিত অভিযোগ করে সচেতন অভিভাবকরা।
এটি পাওয়ার পর পরীক্ষা চলাকালীন সময়ে অভিযোগ তদন্তে আসেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মনসুর আহমদ। তিনি অভিযোগের সত্যতা পেয়ে প্রতিবেদন দেন।
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ নজরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, নিজের ছেলে পরীক্ষায় অংশ নেয়ার কথা গোপন করে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা লঙ্ঘন করেছেন খুরশিদুল জন্নাত।
এটি প্রমাণ পাওয়ায় তাকে তৎক্ষণিক দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। পরবর্তী পদক্ষেপ নিতে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
সায়ীদ আলমগীর/এএম/জেআইএম