না.গঞ্জে গ্রেফতার ভুয়া কর্নেল রিমান্ডে


প্রকাশিত: ০২:৫০ পিএম, ০১ মার্চ ২০১৭

নারায়ণগঞ্জ শহরের জামতলায় প্রতারণার অভিযোগে সেনাবাহিনীর ভুয়া কর্নেল পরিচয় দেয়া একেএম মঈন আজিজ ওরফে সুজনকে (৪৯) তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বুধবার বিকেলে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে তার সাতদিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের এসআই শওকত হোসেন ভুয়া কর্নেল মঈন আজিজের রিমান্ড মঞ্জুরের বিষয়ে নিশ্চিত করেছেন।
 
মঙ্গলবার মঈন আজিজকে ৩০টি মোবাইল ফোন, তিনটি ল্যাপটপসহ গ্রেফতার করা হয়। এরপর প্রতারণার শিকার ফারুক আলম বাদী হয়ে মঙ্গলবার রাতে মামলা করেন।

ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দিন জানান, চট্টগামের একটি শিপইয়ার্ডের ডিরেক্টর ফারুকের সঙ্গে প্রতারণা করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভিন্ন লোকের সঙ্গে প্রতারণা করার বহু তথ্য পাওয়া গেছে। এমনকি অর্থের জন্য অনেকের মোবাইলসহ ব্যাংক একাউন্ট হ্যাক করার তথ্য পাওয়া গেছে। এসব ঘটনায় প্রতারক মঈন আজিজকে তিনদিনের রিমান্ডে আনা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন তথ্য উদঘাটনের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

মো: শাহাদাত হোসেন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।