ভাইয়ের ঘরে ভাইয়ের আগুন, পুড়ে মরলেন মা
কক্সবাজার সদরের পোকখালীর গোমাতলীতে নিজ বাড়িতে ছেলের দেয়া পেট্রলের আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন মা নুরবানু বেগম (৬৭) অবশেষে মারা গেছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে নুরবানুর ছেলে জসিম ও নাতি রিদুয়ান একই ঘটনায় মারা যায়। এতে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা তিন জনে দাঁড়ালো।
স্থানীয় ইউপি সদস্য কলিম উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জের ধরে গত ২২ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলীর মৃত আবুল ফজলের ছেলে মো. রশিদ ভোলাইয়া তার আপন বড় ভাই প্রবাসী জসিমের কক্ষে জানালা দিয়ে পেট্রল মেরে আগুন ধরিয়ে দেয়।
এ সময় কক্ষের ভেতর তার মা নুরবানু বেগম (৬৭), ভাবী অন্তঃসত্ত্বা্ আশেকুন্নাহার (১৯), ভাতিজা রিদুয়ান ও ভাই জসিমকে বাহির থেকে দরজা আটকে রেখেছিল রশিদ। তাদের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে দগ্ধ অবস্থায় চারজনকে উদ্ধার করে প্রথমে চকরিয়ার মালুমঘাট খ্রিস্টান হসপিটাল ও পরে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে ২৩ ফেব্রুয়ারি জসিম ও ২৪ ফেব্রুয়ারি রিদুয়ান মারা যায়।
ওইদিন তারা বাবা-ছেলেকে বিকেলে জানাজা শেষে একই কবরে দাফন করা হয়। বৃহস্পতিবার মা নুরবানু বেগমও মারা গেলেন। শুক্রবার তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, এ ঘটনায় জসিমের আরেক ভাই মোস্তফা বাদী হয়ে রশিদ ভোলাইয়াকে আসামি করে মামলা করেন। এ মামলায় রশিদ কারাগারে রয়েছেন। চিকিৎসাধীন আশেকুন্নাহারও আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন পরিবারের লোকজন।
ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক (তদন্ত) মো. খায়রুজ্জামান বলেন, জসিমের মা মারা গেছেন বলে মেম্বার আমাকে জানিয়েছেন।
সায়ীদ আলমগীর/আরএআর/আরআইপি