রূপগঞ্জে চুরি হওয়া ১৬৭ বস্তা চিনি উদ্ধার, গ্রেফতার ৪


প্রকাশিত: ০৩:২৭ পিএম, ০২ মার্চ ২০১৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিটি গ্রুপের ৩২০ বস্তা চিনি আত্মসাতের ঘটনায় বগুড়া জেলা থেকে ৪ যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ১৬৭ বস্তা চিনি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি তাদেরকে গ্রেফতার করে।

এর আগে ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে চিনি আত্মসাতকারী ট্রাকচালক রফিকুল ইসলাম চুরির দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আর তাদের জবানবন্দির তথ্য মতে বগুড়া জেলায় অভিযান চালিয়ে ৪ যুবককে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, আব্দুল সালাম, জলিলুর রহমান কাজল, আলী আহম্মদ ও মিঠু। তাদের বয়স ৩৫ থেকে ৪০। তারা সবাই বগুড়া জেলার শাহজানপুর এলাকার বাসিন্দা।

মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মফিজুল ইসলাম জানান, বগুড়া জেলার শাহজানপুর এলাকা থেকে চিনি আত্মসাতকারী আব্দুল সালাম, জলিলুর রহমান কাজল, আলী আহম্মদ ও মিঠুকে গ্রেফতার করা হয়। পরে তাদের তথ্য মতে ১৬৭ বস্তা চিনি উদ্ধার করা হয়। তারা বর্তমানে জেলা ডিবি অফিসে রয়েছে বলেও জানান তিনি।

গত ৪ ফেব্রুয়ারি রূপগঞ্জের রূপসীতে সিটি গ্রুপের মিল থেকে ভুয়া নাম মাসুদ ও ভুয়া ঠিকানা উল্লেখ করে ট্রাকযোগে ৩২০ বস্তা চিনি নিয়ে নীলফামারির উদ্দেশ্যে রওয়ানা হয় রফিকুল ইসলাম।

তবে তার ট্রাকটির নম্বরপ্লেট ছিল ভুয়া। রফিকুল ওই ৩২০ বস্তা চিনি আত্মসাৎ করে। এ ঘটনায় মামলা হয়। পরে মামলাটি ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হলে সোমবার রফিকুলকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এই চারজনকে গ্রেফতার করা হয়।

মো. শাহাদাত হোসেন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।