ছাত্রাবাসে ছাত্র নেই, মিললো বোমা-অস্ত্র-গুলি


প্রকাশিত: ০৩:০৬ পিএম, ১২ মার্চ ২০১৭

যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় (এমএম কলেজ) সংলগ্ন তাসিন ছাত্রবাসে ঢুকেই পুলিশের চোখ ছানাবড়া! ছাত্রবাসটির টেবিলে নেই বই-খাতা কিংবা পড়াশুনার কোনো উপকরণ। খাটের নিচে সারিবদ্ধভাবে সাজানো হাতবোমা। টয়লেটের ভেতরের চিত্রও একই।

রোববার বিকেলে যশোর পুলিশ অভিযান চালায় ব্যক্তিমালিকানাধীন এই ছাত্রাবাসে। সেখানে দীর্ঘ তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ২টি রাম দা, ১টি চাইনিজ কুড়াল, ২৫টি হাতবোমা, বোমা তৈরির বিপুল পরিমাণ উপকরণ ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট। এ সময় সেখান থেকে আটক করা হয় মানিক মন্ডল (৩০) নামে এক যুবককে।

পুলিশ জানায়, আটক মানিক মন্ডল চিহ্নিত মাদক ব্যবসায়ী ও শহরের ষষ্ঠীতলার মোহন মন্ডলের ছেলে। তিনি ওই এলাকার দুর্ধর্ষ ম্যানসেল বাহিনীর ক্যাডার হিসেবে পরিচিত।

যশোর কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক মঞ্জুরুল ইসলাম জানান, এমএম কলেজকে ঘিরে ষষ্ঠীতলার মানিক মন্ডলসহ কয়েকজন জমজমাট ইয়াবা ব্যবসা চালাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে গত এক সপ্তাহ ধরে কোতোয়ালি থানার দুইজন সহকারী উপ-পরিদর্শক হাদিবুর রহমান ও আবুল কালাম আজাদ নেতৃত্বে পুলিশের একটি টিম ওই চক্রকে অনুসরণ করছিল।

Jessore

রোববার বিকেলে মানিক এমএম কলেজের পশ্চিম প্রাচীর সংলগ্ন তাসিন ছাত্রাবাসে ঢুকলে পুলিশ সেখানে হানা দেয়। এরপর সেখানে অভিযান চালিয়ে বোমা, অস্ত্রসস্ত্র উদ্ধার ও তাকে আটক করে।

ছাত্রলীগের এমএম কলেজ শাখার সভাপতি রওশন ইকবাল শাহী জানান, একসময় ছাত্রাবাসটি ছিল ছাত্রশিবির নিয়ন্ত্রিত। শিবিরকর্মীরা গা-ঢাকা দেয়ার পর দীর্ঘদিন ছিল তালাবদ্ধ। সম্প্রতি কয়েকজন বোর্ডার সেখানে ওঠেন। তবে হোস্টেলটিতে ‘গেস্ট’ এর সংখ্যা ছিল অধিক।

পাশের একটি ছাত্রবাসের বাসিন্দা শহিদুল ইসলাম জানান, পুলিশের অভিযান চালানো হোস্টেলটিতে যাতায়াতকারীদের আচরণ ছিল সন্দেহজনক।

যশোর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানিয়েছেন, ওই ছাত্রাবাসে কোনো ছাত্র ছিল না। মাদকবিরোধী অভিযান চালানোর সময় সেখানে অস্ত্র-গুলি-বোমা উদ্ধার করা হয়েছে।

মিলন রহমান/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।