এনসিপির বিবৃতি
আন্দোলন দমনের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলায় ঘটনায় নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নেতৃত্বে চলমান শান্তিপূর্ণ কর্মসূচির ওপর পুলিশের হামলাকে ‘ন্যক্কারজনক ও বর্বর’ উল্লেখ করে দলটি বলছে, রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে ন্যায্য বিচার দাবির আন্দোলন দমন করার এই দুঃসাহসিক অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
সেখানে বলা হয়, হামলায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার, ডাকসুর নেত্রী ফাতিমা তাসনিম জুমাসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
দলটি বলছে, এ হামলার ঘটনা কেবল শান্তিপূর্ণ আন্দোলনের অধিকারের ওপর নগ্ন হস্তক্ষেপ নয়, এটি একটি ভয়ঙ্কর বার্তা, যেখানে রাষ্ট্র নিজেই ন্যায়বিচারের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে। বিচারের দাবিতে গড়ে ওঠা ন্যায্য আন্দোলনকে বলপ্রয়োগ ও সহিংসতার মাধ্যমে দমন করার এই অপচেষ্টা জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।
সেখানে আরও বলা হয়, ওসমান হাদি খুনের বিচারের দাবিতে সারাদেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে। এই দাবিকে দমন করা যাবে না।
বিবৃতিতে জাতীয় নাগরিক পার্টি আহত নেতাকর্মীর দ্রুত আরোগ্য কামনা করছে এবং তাদের পরিবারগুলোর প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে। একই সঙ্গে হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে অবিলম্বে বিচার নিশ্চিত করার দাবিও জানিয়েছে।
একই সঙ্গে দলটি শান্তিপূর্ণ আন্দোলনের ওপর হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে।
এনএস/এমকেআর