শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন : শেখ সেলিম
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, কোনো সহায়ক সরকার নয়, সংবিধানের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সংবিধানে সহায়ক সরকার বলে কোনো কিছু নেই। তাই সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনে আগামী নির্বাচন হবে।
বুধবার বিকেলে সদর উপজেলার চন্দ্রদীঘলিয়া বাসস্ট্যান্ডে মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা ছবেদ আলী ভূঁইয়ার শতাধিক কর্মী-সমর্থকসহ আওয়ামী লীগে যোগদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শেখ সেলিম এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশে কোনো জঙ্গি-সন্ত্রাসীদের জায়গা হবে না। আন্দোলনের নামে যারা জ্বালাও-পোড়াও এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ হত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।
শেখ সেলিম বলেন, আগামী নির্বাচনে বিএনপি না আসলে তাদের দলের নিবন্ধন বাতিল হবে। বিএনপিকে মুসলিম লীগের পরিণতি ভোগ করতে হবে। মুসলিম লীগকে মানুষ প্রত্যাখ্যান করেছিল। বিএনপিকেও মানুষ প্রত্যাখ্যান করবে।
গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদীঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, আওয়ামী লীগে যোগদানকারী সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা ছবেদ আলী আলী ভূঁইয়া প্রমুখ।
এস এম হুমায়ূন কবীর/আরএআর/জেআইএম