ব্রাহ্মণবাড়িয়ায় এএসআইয়ের বিরুদ্ধে ধর্ষণ মামলা


প্রকাশিত: ০২:৪৮ পিএম, ১৫ এপ্রিল ২০১৫

ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মেহেদী হাসানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ মামলা দায়ের করা হয়েছে। বুধবার ব্রাহ্মণবাড়িয়ার আদালতে ধর্ষণ মামলাটি দয়ের করেন মুন্নি বেগম (২৪) নামের এক যুবতী।

ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক (জেলা জজ) মো. ইসমাইল হোসেন মামলাটি সিআইডির পরিদর্শককে তদন্তভার দিয়ে আগামী ৩০ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। মুন্নি  ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাজীপাড়া মহল্লার জুম্মান মিয়ার স্ত্রী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রমজান মাসে মুন্নির স্বামী জুম্মান মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ গ্রেফতার করে। পরে মুন্নি তার স্বামীকে ছাড়িয়ে আনতে থানায় গেলে সদর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসএই) মেহেদি হাসানের সাথে পরিচয় হয়। এ ঘটনার পরে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এএসআই মেহেদী মুন্নিকে কুপ্রস্তাব দেন। কিন্তু, মুন্নি মেহেদীর কুপ্রস্তাবে রাজী না হওয়ায় তার স্বামী জুম্মানকে বিভিন্ন মামলায় অভিযুক্ত করার হুমকি দেয়। এরপর গত ১০ ফেব্রুয়ারি মেহেদী মুন্নিকে শহরের কলেজপাড়াস্থ জেলা প্রশাসকের বাসভবনের পেছনের আল-বাতুল মহিলা মাদ্রাসা সংলগ্ন একটি ভাড়া বাসায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। এরপর একাধিকবার মেহেদী মুন্নির সাথে অবৈধভাবে শারীরিক সম্পর্ক তৈরি করে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। কিন্তু, এক পর্যায়ে মুন্নি মেহেদীর সাথে আর শারীরিক সম্পর্ক করতে অসম্মতি জানালে তাকে বিভিন্নভাবে হেনস্থা করে এএসআই মেহেদী।

এ ব্যাপারে ধর্ষণের শিকার মুন্নি বেগম জানান, মেহেদী তার স্বামীকে বিভিন্ন মামলায় অভিযুক্ত করার ভয় দেখিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করে। তিনি আরও জানান, মেহেদী তাকে সামাজিকভাবে হেনস্থা ও করার হুমকি প্রদান করছেন।

তবে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মেহেদী তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, মুন্নি বেগম নামে তিনি কাউকে চিনেন না। তবে বিএনপির হরতাল-অবরোধ কর্মসূচি চলাকালে তিনি বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করেছেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে বিএনপি নেতাকর্মীরা মুন্নি বেগমকে দিয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে থাকতে পারেন বলে তিনি জানান।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।