চাকরি প্রত্যাশীদের উদ্যোক্তা হতে হবে


প্রকাশিত: ০৪:১০ পিএম, ১৬ মার্চ ২০১৭

চাকরি প্রত্যাশীদের উদ্যোক্তা হবার আহ্বান জানিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন, শিক্ষিতরা উদ্যোক্তা হলে নিজেরা যেমন প্রতিষ্ঠিত হতে পারবে, তেমনি দেশও এগিয়ে যাবে, বাস্তবায়ন সহজ হবে প্রধানমন্ত্রীর ভিশন ২০২১।

বৃহস্পতিবার বিকেলে শহরের টাউন হল মাঠে আয়োজিত এসএমই মেলার উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

যশোর জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোশাররফ হোসেন ভুইয়া, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলাম, নাসিক যশোরের সভাপতি সাকের আলী।

আলোচনা শেষে অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন। আয়োজকরা জানান, খুলনা বিভাগের ৫৪টি এসএমই প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। অন্যান্য স্থান থেকে নিজস্ব উৎপাদিত পণ্য নিয়ে অংশ নিয়েছে আরও ৮টি প্রতিষ্ঠান। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের নিজস্ব উৎপাদিত চামড়াজাত সামগ্রী, পাটপণ্য, হ্যান্ডিক্রাফটস, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, পোশাক, ডিজাইন ও ফ্যাশনওয়ারসহ স্বদেশি পণ্যসমূহ স্থান পেয়েছে বলে জানানো হয়।

জমজমাট আয়োজনের এই এসএমই মেলায় রাখা হচ্ছে না প্রবেশমূল্য। ফলে ক্রেতাদের স্বাচ্ছন্দ্যপূর্ণ উপস্থিতি থাকবে বলে মনে করছে কমিটি। জুরি বোর্ড কর্তৃক মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে নির্বাচিত শ্রেষ্ঠ স্টলকে সমাপনী অনুষ্ঠানে পুরস্কার দেয়া হবে।

মিলন রহমান/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।