যশোরে জেলা পরিষদ উপ-নির্বাচন : নৌকার প্রার্থী চূড়ান্ত


প্রকাশিত: ০৩:৫৮ এএম, ১৭ মার্চ ২০১৭

আগামী ১৬ এপ্রিল যশোর জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকার মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সাইফুজ্জামান পিকুল।

বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড তাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়।

রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করে সাইফুজ্জামান পিকুল বলেন, আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ তাকে ফোন করে মনোনয়ন প্রদানের বিষয়টি জানান।

এর আগে জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন পেতে আওয়ামী লীগের বর্তমান ও সাবেক ৯ নেতা হাইকমান্ডের কাছে আবেদন করেন। আবেদনের শেষ সময় বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত ৯ নেতা আবেদন করে দলীয় প্রধানের কাছে তাদের আগ্রহের কথা জানিয়েছিলেন।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর যশোর জেলা পরিষদ নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন আওয়ামী লীগের প্রবীণ নেতা শাহ হাদিউজ্জামান। গত ১৯ ফেব্রুয়ারি বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। তখন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন প্যানেল চেয়ারম্যান-১ আবদুল খালেক।

যশোর জেলা নির্বাচন অফিসার নাজমুল কবির জানান, জেলা পরিষদের চেয়ারম্যান পদে আগামী ১৬ এপ্রিল উপ-নির্বাচনের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। তফশিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ মার্চ। প্রতীক বরাদ্দ ৩০ মার্চ।

এ নির্বাচনে ৮ উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান, মেম্বরসহ ১হাজার ৩শ ৩২ জন ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

মিলন রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।