একই ঘরে দুই স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ


প্রকাশিত: ০৪:৩৮ এএম, ১৯ মার্চ ২০১৭

গোপালগঞ্জ শহরের মৌলভীপাড়ার একটি বাসা থেকে দুই স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে পুলিশ ওই দুই ছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

তারা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে আত্মহত্যার কারণ সর্ম্পকে কিছুই জানা যায়নি।

নিহতরা হলো, নড়াইল জেলার কালিয়া উপজেলার মঙ্গলপুর গ্রামের শহিদুল মল্লিকের মেয়ে চৈতি আফরিন তমা (১৫) ও সদর উপজেলার বড়ফা গ্রামের জাকির মোল্লার মেয়ে জাকিয়া সুলতানা শ্রাবনী (১৪)। তারা গোপালগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে নবম ও অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। তারা সম্পর্কে খালা-ভাগনী।

জানা গেছে, শনিবার বেলা সাড়ে ৩টার দিকে স্কুল ছুটির পর ওই দুই স্কুল ছাত্রী বাসায় ফিরে এক রুমের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পরে তাদের গৃহশিক্ষক আসলে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করা হয়। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে  প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে ঘরে ঢুকে আড়ার সঙ্গে ওই দুই ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ হাসপাতাল মর্গে পাঠায়।

গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই দুই ছাত্রী আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে কেন তারা আত্মহত্যা করেছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।

এস এম হুমায়ূন কবীর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।