সরাইলে দেবর-ভাবির আত্মহত্যা


প্রকাশিত: ০৪:০২ পিএম, ১৬ এপ্রিল ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পারিবারিক কলহের জের ধরে দেবর-ভাবি আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সরাইল উপজেলার উচালিয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আকলিমা আক্তার (৩০) ও তার দেবর রাজিব উদ্দিন (২০)। নিহত আকলিমা উচালিয়া পাড়ার হেলাল মিয়ার স্ত্রী এবং রাজিব তৈয়ব আলীর ছেলে।

স্থানীয়রা জানান, উচালিয়াপাড়া গ্রামের হেলাল মিয়ার স্ত্রী আকলিমার সঙ্গে তার শাশুড়ি আওলিয়া বেগমের পারিবারিক বিষয় নিয়ে কলহ চলছিল। এরই জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় আকলিমার সাথে তার শাশুড়ির বাক-বিতণ্ডতা হয়।

এ সময় রাজিব আকলিমার পক্ষ নিয়ে কথা বলতে গেলে তার মা তাকে বকা দেন। এ ঘটনায় প্রচণ্ড অভিমান করে রাজিব সন্ধ্যা সাড়ে ৭টায় তার নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এর কিছুক্ষণ পর আকলিমাও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

এদিকে স্ত্রী ও ভাইয়ের আত্মহত্যার খবর শুনে আকলিমার স্বামী হেলাল মিয়াও আত্মহত্যা করার চেষ্টা করেন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, এ বিষয়ে তদন্ত চলছে, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

এমজেড/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।