ঢাকা-আরিচা মহাসড়কে ৩ কিলোমিটার যানজট


প্রকাশিত: ০৫:৩৬ এএম, ২০ মার্চ ২০১৭

ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর থেকে গাবতলী ব্রিজ পর্যন্ত তিন কিলোমিটার এলাকায় যানজট দেখা দিয়েছে। ফলে মহাসড়কের এই পয়েন্টে আটকা পড়েছে ঢাকামুখী শত শত যানবাহন।

৫ মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে প্রায় এক ঘণ্টা। তবে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পথে যান চলাচল করছে নির্বিঘ্নেই।

আটকা পড়া যানবাহনের চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গাবতলী ব্রিজের প্রবেশ মুখে প্রতিদিনই অল্প স্বল্প যানজট থাকে। তবে আজ বৃষ্টি হওয়ায় এবং যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় যানজট বেড়েছে। গাবতলী ব্রিজ থেকে আমিনবাজার ছাপিয়ে বলিয়ারপুর পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।

এ বিষয়ে সাভার ট্রাফিক পুলিশের পরিদর্শক আবুল হোসেন জানান, মহাসড়কের কোথাও কোনো যানবাহন বিকল হয়ে পড়ার খবর পাওয়া যায়নি। তারপরও যানবাহনের দীর্ঘ সারি দেখা দিয়েছে।

তিনি বলেন, বৃষ্টির কারণে যানবাহনগুলো আজ ধীরগতিতে চলতে থাকায় যানজট কিছুটা বেড়েছে।

আল-মামুন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।