গাজীপুরে বিদ্যুতের খুঁটিতে জড়িয়ে শ্রমিক নিহত


প্রকাশিত: ১২:৩৬ পিএম, ২১ মার্চ ২০১৭

গাজীপুরে বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা গ্রামের রওশন সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম আজাদ (৩০)। তার বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল এলাকায়। গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতির এজিএম (রক্ষণাবেক্ষণ) এসএম নাহিদ সিরাজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাজীপুর প্রকল্পের আওতায় গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা গ্রামে পল্লীবিদ্যুতের ১১ কেবির লাইন সিঙ্গেল ফেইজ থেকে থ্রি-ফেইজে উন্নীতকরণের কাজ চলছিল।

এ জন্য গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতি থেকে প্রয়োজনীয় অনুমোদন নেয় সংশ্লিষ্ট ঠিকাদার এমদাদ কনস্ট্রাকশন। কিন্তু মঙ্গলবার বিদ্যুৎ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ না করে মঙ্গলবার সকাল থেকে ওই বৈদ্যুতিক লাইনের পাশে বিদ্যুতের নতুন খুঁটি স্থাপনের জন্য ঠিকাদার ও তার লোকজন কাজ শুরু করেন।

একপর্যায়ে দুপুরে খুঁটি বেয়ে নিচে নামার সময় ঠিকাদারের শ্রমিক আজাদ পাশের ১১ কেবির বিদ্যুতের তারে জড়িয়ে যায় এবং বিকট শব্দে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।

এতে ওই শ্রমিক সেখানেই মারা যান এবং বৈদ্যুতিক তারে ঝুলে থাকেন। খবর পেয়ে ওই লাইনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে নিহতের ঝুলন্ত মরদেহ নিচে নামিয়ে আনে বিদ্যুৎকর্মীরা।

মোঃ আমিনুল ইসলাম/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।