সরকারি দলের ক্যাডাররা চট্টগ্রামে প্রবেশ করছে : আমীর খসরু
আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ফেনী, রাউজান ও ফটিকছড়িসহ বিভিন্ন এলাকা থেকে সরকারি দলের ক্যাডাররা চট্টগ্রাম মহানগরীতে প্রবেশ করছে বলে অভিযোগ করেছেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি অভিযোগ এনে বলেন, ক্যাডারদের বিভিন্ন কেন্দ্রের দায়িত্ব দেওয়ার পাশাপাশি কেন্দ্র দখলসহ ভোট কেড়ে নেয়ার যে প্রক্রিয়া সেটার কাজ তারা ইতিমধ্যেই শুরু করেছে।
শনিবার দুপুরে নগরীর মেহেদীবাগের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এসময় তিনি সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ২৮ এপ্রিলের এক সপ্তাহ আগে থেকে সেনাবাহিনী মোতায়েনেরও দাবি জানান উক্ত সংবাদ সম্মেলনে।
আমীর খসরু মাহমুদ আরো বলেন, নির্বাচন কমিশন যদি দায়িত্ব নিয়ে এ সমস্ত এলাকায় আইনশৃংখলা বাহিনীর মাধ্যমে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে তাহলে সেখানে জনগণের পক্ষে ভোটাধিকার প্রয়োগ করা সম্ভব হবেনা। সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজনীয়তা আছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশন ও আইনশৃংখলা বাহিনী আমদের আশ্বাস দিয়েছিল সন্ত্রাসী কর্মকাণ্ড কমে আসবে। পরিবেশ উন্নতি হবে।
কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্রমান্বয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে আরো বেশি। পরিবেশের অবনতি হচ্ছে। এ জন্য আমরা সেনাবাহিনী মোতায়েনের দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ ওয়াহিদুল আলম, নগর বিএনপির সহ সভাপতি আবু সুফিয়ান, শামসুল আলম ও কেন্দ্রীয় বিএনপির সদস্য মাহবুবুর রহমান শামীম।
এমএএস/আরআইপি