ব্রাহ্মণবাড়িয়ায় একজনকে পিটিয়ে হত্যা
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে নাসিরনগর উপজেলার চাপইরতলা ইউনিয়নের খান্দুরা গ্রামের সালামবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতে নাম করিম মিয়া (৪০)। বাড়ি উপজেলার খান্দুরা গ্রামে।
স্থানীয়রা জানান, কয়েকদিন আগে চাপইরতলা ইউনিয়নের খান্দুরা গ্রামের আলী আহাদ একই গ্রামের ময়দর আলীকে ছয় হাজার টাকা ধার দেন। শনিবার সন্ধ্যায় আলী আহাদ সালামবাজার এলাকায় ময়দর আলীর কাছে পাওনা টাকা ফেরত চান। এ নিয়ে তাদের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এসময় করিম মিয়া আলী আহাদকে থামাতে যায়। এতে ক্ষিপ্ত হয়ে আহাদ আলী ও তার সহযোগীরা করিম মিয়াকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা করিম মিয়াকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নরসিংদীর রায়পুরায় তার মৃত্যু হয়।
নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদের জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসএস/এমএএস/পিআর