বি.বাড়িয়ায় গাছ পড়ে ট্রেন চলাচল বন্ধ
কালবৈশাখী ঝড়ের কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর এলাকায় রেললাইনে গাছ পড়ে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে। সোমবার রাত সাড়ে আটটার দিকে রেললাইনের উপর গাছ পড়লে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
এর ফলে ভৈরব রেলস্টেশনে নোয়াখালীগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস, আশুগঞ্জ রেলস্টেশনে সিলেটগামী কালোনী এক্সপ্রেস এবং দৌলতকান্দিতে চট্টগ্রামগামী মহানগর গোধূলী এক্সপ্রেস আটকে পড়েছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার মো. মহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, রেললাইন থেকে গাছ সরিয়ে ফেলার কাজ চলছে। এরপরই ট্রেন চলাচল স্বাভাবিক হবে। রেল চলাচল স্বাভাবিক হতে আরো এক থেকে দেড় ঘণ্টা লেগে যেতে পারে।
সদর উপজেলার কালিসীমাতেও রেললাইনের উপরও গাছ পড়ায় ওই এলাকা দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার সন্ধ্যা থেকে রাত সোয়া আটটা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন উপজেলায় কালবৈশাখী ঝড় বয়ে গেছে।
এমজেড/আরআই