যশোরে বিদেশি পিস্তলসহ যুবক আটক
যশোরের ঝিকরগাছা থেকে ২টি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি, ৩টি ম্যাগাজিন, বিপুল পরিমাণ মাদক ও স্বর্ণের গহনাসহ সাগর হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার বিকেলে জেলার ঝিকরগাছার কৃষ্ণনগর গ্রামের নাজিম উদ্দিন গাজীর ছেলে সিরাজ মাহমুদ শিপনের বাড়ি থেকে অস্ত্র-মাদকসহ তাকে আটক করা হয়।
যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক নাজমুল কবীর ও ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম যৌথভাবে এ অভিযানের নেতৃত্ব দেন।
আটক সাগর হোসেন কৃষ্ণনগর গ্রামের শাহাদাৎ হোসেনের ছেলে। সিরাজ মাহমুদ শিপন এ অস্ত্রের মালিক বলে সে প্রশাসনের কাছে স্বীকার করেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যশোরের উপ-পরিচালক নাজমুল কবীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানের খবর পেয়ে অস্ত্রের মালিক সিরাজ মাহমুদ শিপন গা ঢাকা দেয়। এ সময় সেখান থেকে সাগর হোসেনকে আটক করা হয়।
এ সময় ২টি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি, ৩টি ম্যাগাজিন ২ হাজার ২৮০ পিস ইয়াবা, ৮ বোতল ফেনসিডিল, এক ভরি স্বর্ণের অলংকার, ২ ভরি রূপার গহনা, একটি পাসপোর্ট ও ৫ হাজার ২৬০ টাকা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যশোরের উপ-পরিচালক নাজমুল কবীর আরও জানান, এ ঘটনায় ঝিকরগাছা থানায় পৃথক তিনটি মামলা হয়েছে।
মিলন রহমান/এএম/জেআইএম