যশোর জেলা পরিষদে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় আ.লীগের পিকুল জয়ী
যশোর জেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইফুজ্জামান পিকুল। বৃহস্পতিবার এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এর আগে বুধবার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শরীফ আব্দুর রাকিব মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
সহকারী রিটার্নিং অফিসার নাজমুল কবীর জানান, তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বুধবার দুপুরে চেয়ারম্যান প্রার্থী অ্যাড. শরীফ আব্দুর রাকিব ব্যক্তিগত কারণ দেখিয়ে তার প্রার্থিতা প্রত্যাহারপত্র রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ডক্টর হুমায়ুন কবীরের কাছে জমা দেন। মনোনয়নপত্র প্রত্যাহার করায় নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাইফুজ্জামান পিকুলের কোনো প্রতিদ্বন্দ্বী নেই।
তফসিল অনুযায়ী চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা ও প্রতীক বরাদ্দের নির্ধারিত দিন বৃহস্পতিবার (৩০ মার্চ) সাইফুজ্জামান পিকুলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
যশোর জেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান শাহ হাদিউজ্জামান ১৯ ফেব্রুয়ারি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। এতে চেয়ারম্যান পদ শূন্য হয়।
মিলন রহমান/এআরএ/জেআইএম