এক চালকের লাথিতে অপর চালকের মৃত্যু


প্রকাশিত: ০১:১২ পিএম, ০১ এপ্রিল ২০১৭

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সিএনজির সিরিয়াল দেয়াকে কেন্দ্র করে এক সিএনজিচালকের লাথির আঘাতে আরেক সিএনজিচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাজনকে আটক করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলা জামপুর ইউনিয়নের তালতলা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এবং পুলিশ দুপুরে বিষয়টি নিশ্চিত করে। আর নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

নিহত সিএনজিচালক আল-আমিন উপজেলার মহজমপুর উত্তর-পশ্চিম পাড়া গ্রামের আলী হোসেনের ছেলে। সোনারগাঁ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা বাসস্ট্যান্ড এলাকায় সিএনজি সিরিয়াল দেয়াকে কেন্দ্র করে আল আমিন ও সাগর মিয়ার মধ্যে বাগবিতণ্ডা হয়।

একপর্যায়ে সিএনজিচালক সাগর মিয়া আল-আমিনের অণ্ডকোষে লাথি দেয়। লাথির আঘাতে সিএনজিচালক আল-আমিন মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলে মারা যান।

ঘটনার পর ওই এলাকা থেকে ঘাতক সাগরের ছোট ভাই রাজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

মো: শাহাদাত হোসেন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।