পুণ্যস্নানে লাঙ্গলবন্দে হাজারো পুণ্যার্থী


প্রকাশিত: ০৩:৩৬ এএম, ০৪ এপ্রিল ২০১৭

পাপ মোচনের আশায় নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদে সোমবার থেকে শুরু হয়েছে পুণ্যস্নান। প্রতিবছর চৈত্র মাসের শুক্লাষ্টমী তিথিতে এখানে স্নান করতে আসেন দেশ-বিদেশের সনাতন ধর্মালম্বীদের হাজার হাজার পুণ্যার্থী।

দুই বছর আগে পদদলিত হয়ে ১০ পুণ্যার্থীর মৃত্যুর পর এবার জঙ্গি হামলা নিয়ে হিন্দু ধর্মালম্বীদের মধ্যে কিছুটা শঙ্কা থাকলেও সোমবার থেকে শুরু হওয়া এ স্নানে এর কোনো প্রভাব ছিল না। লাঙ্গলবন্দে পুণ্যার্থীদের ঢল নেমেছে। ইতোমধ্যে সেখানে বসেছে মেলা।

হিন্দু ধর্মালম্বীদের তিথি অনুযায়ী ৩ এপ্রিল বিকেল ৫টা ৪১ মিনিট ৭ সেকেন্ডে মহাষ্টমী স্নানোৎসবের লগ্ন শুরু হয়। লগ্ন ৪ এপ্রিল শেষ হবে মঙ্গলবার বিকেল ৩টা ৩২ মিনিট ২৭ সেকেন্ডে।

হিন্দু পুণ্যার্থীদের মতে পবিত্র নদ ব্রহ্মপুত্রে স্নানমন্ত্র পাঠপূর্বক নিজ নিজ ইচ্ছা অনুযায়ী ফুল, বেলপাতা, ধান, দুর্বা, হরতকী, ডাব, আম্রপল্লব ইত্যাদি দিয়ে পিতৃকূলের উদ্দেশ্যে তর্পণ করে ভক্তরা।

বাংলাদেশ হিন্দু কল্যাণ সংস্থার কেন্দ্রীয় সদস্য রনজিৎ মোদক জানান, এবার ললিত সাধুর ঘাট, অর্নপূর্ণ ঘাট, রাজ ঘাট, কালীগঞ্জ ঘাট, মা কুঁড়ি সাধুর ঘাট, মহাত্মা গান্ধী ঘাট, বড় দেশ্বরী ঘাট, জয়কালি ঘাট, রক্ষাকালী ঘাট, প্রেম তলা ঘাট, চর শ্রীরাম ঘাট, সাবদি ঘাট, বাসনকালী ও জগৎবন্ধু ঘাটে স্নান হয়েচে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মঈনুল হক জানান, স্নান উৎসব সুষ্ঠু করতে এ বছর লাঙ্গলবন্দের তিন কিলোমিটার এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। সেখানে এক হাজার ৩০০ পুলিশ, ৩০০ আনসার ও ২০০ স্বেচ্ছাসেবী নিয়োগ করা হয়েছে। ব্রহ্মপুত্র পারের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বসানো হয়েছে সিসি ক্যামেরা ও ওয়াচ টাওয়ার। পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে নিয়োজিত আছে।

শাহাদাত হোসেন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।