কাটলো জটিলতা, ১৫ ফেব্রুয়ারি মাঠে গড়াচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে বহুল আলোচিত ম্যাচটি খেলতে রাজি হয়েছে পাকিস্তান। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একটি প্রতিনিধিদল গত সপ্তাহান্তে পাকিস্তানে গিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নকভির সঙ্গে বৈঠক করার পরই এই সিদ্ধান্ত আসে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে পাকিস্তান সরকার জানায়, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে পিসিবি চেয়ারম্যান নকভি লাহোরে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকগুলোর ফলাফল সম্পর্কে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছেন। এসব বৈঠকে পিসিবি, আইসিসি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতিনিধিরা অংশ নেন।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে পিসিবির কাছে পাঠানো আনুষ্ঠানিক অনুরোধ এবং শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাতসহ অন্যান্য সদস্য দেশের সমর্থনমূলক বার্তা সরকার পর্যালোচনা করেছে। এসব চিঠিতে সাম্প্রতিক সংকটের গ্রহণযোগ্য সমাধান বের করতে পাকিস্তানের নেতৃত্ব কামনা করা হয়েছিল।
পাকিস্তান সরকার আরও জানায়, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের পক্ষ থেকে যে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, তা পাকিস্তান আন্তরিকভাবে গ্রহণ করেছে। বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তান তার ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র বাংলাদেশের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে।’
এদিকে একই দিনে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে ফোন করেন। উভয়ের মধ্যে হওয়া উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ আলোচনায় দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব এবং সংকটকালে পারস্পরিক সহযোগিতার বিষয়টি উঠে আসে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট চলমান অচলাবস্থা বন্ধুত্বপূর্ণ উপায়ে সমাধানের জন্য অনুরোধ জানান।
সবকিছু বিবেচনায় নিয়ে পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে নির্দেশ দিয়েছে, ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে অনুষ্ঠিত আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে নির্ধারিত ম্যাচে পাকিস্তান জাতীয় দল মাঠে নামবে।
সরকারি বিবৃতিতে বলা হয়, এই সিদ্ধান্ত ক্রিকেটের চেতনা রক্ষা এবং বিশ্বব্যাপী এই খেলাটির ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যেই নেওয়া হয়েছে।
বিবৃতির শেষাংশে বলা হয়, প্রধানমন্ত্রী ও পাকিস্তানের জনগণ ‘মেন ইন গ্রিন’-এর প্রতি শুভকামনা জানিয়েছেন।
সূত্র: ডন
এমএমআর/একিউএফ