রাতে ভোট কেনা-বেচা ঠেকাতে সতর্ক ইসি-পুলিশ
এবারের সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটের আগের রাতে প্রার্থীরা অবৈধ টাকা লেনদেন চালাতে পারেন আশঙ্কা প্রকাশ করে ভোটের আগের রাতকে ঘিরে সতর্ক থাকার নির্দেশ পেয়েছে নগর পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নির্বাচন কমিশন সিএমপি কমিশনার মো.আব্দুল জলিল মণ্ডলকে চিঠি দিয়ে এ নির্দেশনা দিয়েছেন। চিঠিতে ২৬ ও ২৭ এপ্রিল বিশেষ করে রাতে প্রার্থীর পক্ষে ভোটারদের টাকা বিলি নিয়ে সতর্ক থাকার জন্য বলা হয়েছে। নগর পুলিশ সূত্রে জানা গেছে, বাকলিয়া, দেওয়ানবাজার, চকবাজার, বন্দর, পাহাড়তলী, খুলশী রেলওয়ে কলোনিসহ বিভিন্ন এলাকায় প্রায় ২০টি বস্তিকে টার্গেট করেছে পুলিশ। এসব বস্তিতে ভোটের আগের রাতে টাকা বিলি হয় বলে পুলিশের কাছে তথ্য আছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মো.আবদুল বাতেন জাগো নিউজকে বলেন, আমরা শুনেছি ভোটের আগের রাত এবং তার আগের রাতে বিভিন্ন এলাকায় প্রার্থীরা টাকা বিলি করেন। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশকে বলেছি সতর্ক থাকতে।
তিনি আরো বলেন, সোর্স মারফত কিংবা তল্লাশিতে কারও কাছ থেকে পুলিশ যদি অস্বাভাবিক পরিমাণ টাকা পায় অথবা কোন প্রার্থী কিংবা তার সমর্থকের কাছ থেকে যদি বেশী অর্থ পাওয়া যায় তাহলে বাহককে টাকার উৎস এবং গন্তব্য জানাতে হবে। সেই উত্তর যদি সন্তোষজনক না হয় তাহলে ধরে নিতে হবে তিনি ভোট কিনতে টাকা দিচ্ছেন। সেক্ষেত্রে পুলিশকে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।
পাশাপাশি ভোট কিনতে টাকা লেনদেনের বিষয়টি পুলিশের পাশাপাশি আমাদের যেসব সহকারি রিটার্নিং অফিসার, নির্বাচন কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট মাঠে আছেন তারাও দেখবেন। ভিজিল্যান্স টিমও বিষয়টি মনিটরিং করবে। আমরা চাই নির্বাচনে টাকার ব্যবহার বন্ধ হোক। ভোটাররা উপযুক্ত প্রার্থীকে ভোট দেবেন। আগামী ২৮ এপ্রিল নগরীর ৪১ ওয়ার্ডের ৭১৯টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এমজেড/পিআর