বান্দরবানের অপহৃত তরুণী কক্সবাজারের হোটেল থেকে উদ্ধার, গ্রেফতার ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ০৮ মে ২০২৬

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে অপহৃত এক তরুণীকে (২৩) নিখোঁজের ১২ ঘণ্টার মাথায় কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করেছে র‍্যাব-১৫। এ সময় পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৭ মে) রাত ১০টার দিকে কলাতলীর ‘হাইপ্রিয়ান সীপার্ল’ হোটেলের একটি কক্ষ থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় অপহরণে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—কক্সবাজারের রামুর কচ্ছপিয়া এলাকার শামসুল আলম (৩৩) এবং কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের শাহ আলম ড্রাইভার (৩৪)।

র‍্যাব-১৫-এর অতিরিক্ত সহকারী পুলিশ সুপার (মিডিয়া) আ ম ফারুক জানান, বৃহস্পতিবার রাতে কলাতলী হোটেল-মোটেল জোনে অভিযান চালায় র‍্যাব। হোটেলের ৬-সি নম্বর কক্ষ থেকে ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা এলাকায় প্রভাবশালী ও ধূর্ত প্রকৃতির। তারা একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলে দীর্ঘদিন ধরে নারী ও তরুণীদের প্রলোভন দেখিয়ে অপহরণ ও পাচারের মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

তিনি আরও জানান, তরুণী নিখোঁজ হওয়ার ঘটনায় আগেই নাইক্ষ্যংছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা সম্ভব হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মাইক্রোবাসসহ কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সায়ীদ আলমগীর/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।