বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত ৩
রাজশাহীর পুঠিয়ার পুলিশ চেকপোস্ট ফাঁকি দিয়ে পালানোর সময় মোটরসাইকেল চালকসহ ৩ আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার তারাপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, নাটোরের পিটিআই মোড় এলাকার আব্দুল হালিমের ছেলে মেহেদী হাসান (২৭), আজিজের ছেলে শুভ (২৮) ও দুলুর ছেলে সুমন (৩০)।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হাফিজুর রহমান হাফিজ জাগো নিউজকে জানান, উপজেলার তারাপুরে নাটোর-রাজশাহী মহাসড়কে পুলিশের চেকপোস্ট বসে। ওই সময় নিহতরা মোটরসাইকেলযোগে রাজশাহী থেকে নাটোর যাচ্ছিলেন। চেকপোস্টে দায়িত্বে থাকা পুলিশ তাদের গাড়ি থামাতে বললে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। ওই সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের নিচে তারা পড়ে যান। এতে ঘটনাস্থলেই শুভ ও সুমন নিহত হন। দুর্ঘটনায় গুরুতর আহত মেহেদী হাসানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় তিনি নিহত হন।
এদিকে, দুর্ঘটনার পরে ক্ষিপ্ত জনতা রাস্তা অবরোধ করে রাখে। প্রায় এক ঘণ্টা রাস্তা অবরোধ থাকার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এমজেড/পিআর