সাবেক স্ত্রীর বিরুদ্ধে সন্তান হত্যা মামলা
যশোরের ঝিকরগাছা উপজেলার দিগদানা গ্রাম থেকে কবর দেয়ার ছয় মাস পর ১১ মাস বয়সী এক শিশুর মরদেহ উত্তোলন করা হয়েছে।
সোমবার দুপুরে আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের উপস্থিতিতে শিশুটির মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়।
আদালত সূত্র জানা যায়, ঝিকরগাছার বাঁকড়া ইউনিয়নের দিকদানা গ্রামের মৃত সিদ্দিক হোসেনের মেয়ে রুবিনা খাতুনের সঙ্গে সাতক্ষীরার কলারোয়ার বোলিয়ানপুর সোনাবাড়িয়া গ্রামের হাসানুজ্জামান তুহিনের বিয়ে হয়। তাদের সংসারে ১১ মাস বয়সী মেয়ে তাসরিন ছিল। এক পর্যায়ে তুহিন ও রুবিনার ডিভোর্স হয়ে যায়। শিশুটি মায়ের কাছে ছিল।
২০১৬ সালের ১৪ অক্টোবর শিশুটি অসুস্থ হয়ে মারা যায়। কিন্তু শিশুর বাবা অভিযোগ করেন তার মেয়েকে হত্যা করা হয়েছে।
গত বছরের ২৭ নভেম্বর ঝিকরগাছা থানায় মামলা করেন শিশুর বাবা তুহিন। মামলায় আসামি করা হয়- শিশুটির মামা পারভেজ, মা রুবিনা খাতুন, নানী জোহরা বেগমকে।
আদালতের নির্দেশে দুপুরে ঝিকরগাছা উপজেলার দিগদানা গ্রামের কবর থেকে শিশুর মরদেহ উত্তোলন করা হয়। কবরে মরদেহের ছোট বড় ১১০ টুকরো হাড় উদ্ধার করা হয়েছে। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান ও মামলার তদন্ত কর্মকর্তা ঝিকরগাছা থানা পুলিশের উপ-পরিদর্শক নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
মিলন রহমান/এআরএ/আরআইপি