শুক্রবার থেকে পার্বত্য চট্টগ্রামে অসহযোগ আন্দোলন


প্রকাশিত: ০৬:০৮ এএম, ২৯ এপ্রিল ২০১৫

সরকার ইতিবাচক পদক্ষেপ না নিলে পার্বত্য চট্টগ্রামে আগামী ১ মে থেকে অসহযোগ আন্দোলন শুরু করা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। জনসংহতি সমিতির আসন্ন সম্ভাব্য ওই অসহযোগ আন্দোলন সামনে রেখে পার্বত্য চট্টগ্রাম আবার নতুন করে অশান্ত হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে। আর এ নিয়ে উদ্বিগ্ন বিভিন্ন মহল ও স্থানীয় জনগণ।

পার্বত্য শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়ন নিয়ে কর্মসূচিভিত্তিক কর্মপরিকল্পনা ঘোষণার দাবিতে এ অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয় জনসংহতি সমিতি। সমিতির নেতারা বলেছেন, আন্দোলন চলবে অনির্দিষ্টকালের জন্য। অর্থাৎ সরকার যতক্ষণ দাবি মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত বিভিন্ন কর্মপন্থায় চলবে অহিংস ও গণতান্ত্রিক আন্দোলন।

এ ব্যাপারে জনসংহতি সমিতির মুখপাত্র কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেছেন, বেঁধে দেয়া সময়ের মধ্যে সরকার আমাদের দাবি বিবেচনায় এগিয়ে না আসলে জনসংহতি সমিতির আহবানে জুম্ম জনগণ পূর্বঘোষণা অনুযায়ী সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে যেতে বাধ্য হবে। পূর্বঘোষণা অনুযায়ী ১ মে থেকে অবশ্যই অনির্দিষ্টকালের জন্য কঠোর আন্দোলন কর্মসূচি পালন শুরু হবে।

উল্লেখ্য, গত বছরের ২৯ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ৩০ এপ্রিলের মধ্যে শান্তি চুক্তি বাস্তবায়ন নিয়ে সরকারকে কর্মপরিকল্পনার ঘোষণা দিতে সময় বেধে দেন জনসংহতি সমিতির প্রধান ও পার্বত্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা। ওই সময় তিনি বলেন, দাবি মেনে না নিলে জনসংহতি সমিতির নেতৃত্বে ১ মে থেকে সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন চালানো হবে।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।